ছবিঃ বিপ্লবী বার্তা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে বেশ কিছু বিষয়ে কড়াকড়ি আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে ভোটগ্রহণ শুরুর সাড়ে ৪৮ ঘণ্টা আগে থেকে ভোট শেষের ২৪ ঘণ্টা পর পর্যন্ত মোট সাড়ে ৮১ ঘণ্টা সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার বাসিন্দা ও অনুমোদিত ব্যক্তি ছাড়া অন্য কেউ ওই এলাকায় অবস্থান করতে পারবেন না।
আজ সোমবার ইসির সিনিয়র সহকারী সচিব শহিদুল ইসলাম নিষেধাজ্ঞা বাস্তবায়নে সকল জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের নির্দেশনা পাঠিয়েছেন। নির্দেশনায় বলা হয়, নির্বাচন প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ত ও নির্বাচন কমিশনের অনুমতিপ্রাপ্ত ব্যক্তিরা এবং সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার বাসিন্দা বা ভোটার ছাড়া অন্য কোনো ব্যক্তি ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোট শেষের ২৪ ঘণ্টা পর অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে ১৩ ফেব্রুয়ারি বিকাল সাড়ে চারটা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থান না করার বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।
১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট হবে। সেদিন সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত সারাদেশে ভোট চলবে।

