দক্ষিণ কোরিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত: নিহত ২ সেনাসদস্য
ছবিঃ সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণ চলাকালীন একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ জন নিহত হয়েছেন। আজ সোমবার স্থানীয় সময় বেলা ১১টার কিছু পরে দেশটির গ্যাপিয়ং জেলায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন নিয়মিত সেনাসদস্য এবং অন্যজন প্রশিক্ষক বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।


দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বাহিনীর দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি মার্কিন নির্মিত 'এএইচ-১এস কোবরা' মডেলের একটি অ্যাটাক হেলিকপ্টার। নিয়মিত প্রশিক্ষণ উড্ডয়নের অংশ হিসেবে এটি আকাশে ওড়ে। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক গোলযোগ দেখা দিলে হেলিকপ্টারটি প্রচণ্ড বেগে ভূমিতে আছড়ে পড়ে।


দুর্ঘটনার সময় কপ্টারটিতে দুজন চালক ছিলেন। বিধ্বস্ত হওয়ার পর উদ্ধারকর্মীরা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


প্রাথমিক তদন্তের বরাতে প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইঞ্জিন বন্ধ না করে 'জরুরি অবতরণ' (Emergency Landing) করার একটি বিশেষ প্রশিক্ষণ চলছিল। এই প্রক্রিয়া চলাকালীন হেলিকপ্টারটিতে কারিগরি গোলযোগ দেখা দেয় এবং এর জেরেই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে।


এই দুর্ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দক্ষিণ কোরিয়ার সামরিক বহরে থাকা সবকটি 'এএইচ-১এস কোবরা' হেলিকপ্টারের অপারেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটনে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।