১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলার উদ্যোগে একটি নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) বেলা ২টা ৩০ মিনিটে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা এ এম এম রফিকুল মাওলা। সমাবেশ সঞ্চালনা করেন মোহাম্মদ মাকছুদুর রহমান ও তানভীর মোস্তফা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জননেতা মুহাম্মদ আলাউদ্দীন সিকদার। তিনি বলেন, “আজকের এই কর্মী সমাবেশ প্রমাণ করে—সন্দ্বীপ পরিবর্তনের পথে এগিয়ে যাচ্ছে। নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয়; এটি ন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম।” তিনি আরও বলেন, “আমরা শাসক হতে নয়, জনগণের সেবক হতে চাই। কথা নয়, কাজের মাধ্যমে সন্দ্বীপের মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই।” কর্মীদের উদ্দেশে তিনি সত্য ও ন্যায়ের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে শালীনতা, ধৈর্য ও ঐক্যের সঙ্গে কাজ করার পরামর্শ দেন।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকসুর এজিএস ও ছাত্রনেতা মহিউদ্দিন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার, উত্তর জেলা অফিস সম্পাদক এজহারুল ইসলাম, সন্দ্বীপ গণউন্নয়ন পরিষদ চট্টগ্রামের সভাপতি আলতাফ উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সহ-শিক্ষা সম্পাদক মু. দিদারুল আলম, ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলা বায়তুলমাল সম্পাদক মু. জহির উদ্দিন, এবি পার্টির কেন্দ্রীয় সদস্য আতাউর রহমান নুর, এনসিপি চট্টগ্রাম উত্তর জেলা যুবশক্তির সদস্য সচিব ফাহাদ ওমর, গণউন্নয়ন পরিষদ চট্টগ্রামের সেক্রেটারি ইলিয়াস হায়দার, মাহবুবুল মাওলা রিপন, ফরিদ উদ্দিন নিজামী, মীর মোসলেহ উদ্দিন, সন্দ্বীপ গণউন্নয়ন পরিষদ ইউএসএর সহ-সভাপতি মনিরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সন্দ্বীপ উপজেলা সভাপতি মাওলানা শাহাদাৎ হোসাইন, সাবেক ছাত্রনেতা গোলাম মাওলা শিমুল, চট্টগ্রাম উত্তর জেলা সাবেক সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন, নাজমুল হোসাইন আরবসহ অনেকে।
সমাবেশে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তারা আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

