ফুটবল ক্যারিয়ারের গোধূলি বেলায় এসে পৌঁছেছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা লিওনেল মেসি। স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে বর্তমানে তিনি মাঠ মাতাচ্ছেন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে। অনেকের ধারণা ছিল, হয়তো এখানেই নিজের বর্ণাঢ্য পেশাদার ক্যারিয়ারের ইতি টানবেন বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন অধিনায়ক। তবে সম্প্রতি তাকে নিয়ে নতুন এক পরিকল্পনার কথা সামনে এনেছে তার শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজ। ক্লাবটি চাইছে, ২০২৭ সালের প্রথমার্ধেই মেসিকে তাদের পুরোনো ডেরায় ফিরিয়ে আনতে।
পাকিস্তানি সংবাদমাধ্যম ‘জিও নিউজ’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩৮ বছর বয়সী এই কিংবদন্তিকে রোজারিওতে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে ক্লাবটির শীর্ষ কর্মকর্তারা। নিওয়েলসের সহ-সভাপতি হুয়ান ম্যানুয়েল মেডিনা এই উদ্যোগকে কেবল একটি সাধারণ ফুটবলার বদলি হিসেবে দেখছেন না। তিনি জানিয়েছেন, এটি নিওয়েলসের চেয়েও বড় একটি প্রকল্প, যেখানে রোজারিও শহর, প্রদেশ এবং পুরো আর্জেন্টাইন ফুটবলের আবেগ জড়িত।
বর্তমানে ইন্টার মায়ামির হয়ে স্বপ্নের মতো সময় পার করছেন মেসি। গত অক্টোবরেই ক্লাবটির সঙ্গে ২০২৮ সালের শেষ পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন তিনি। মায়ামিকে এমএলএস কাপ জেতাতে অগ্রণী ভূমিকা রাখার পাশাপাশি ব্যক্তিগত অর্জনেও গড়েছেন নতুন ইতিহাস। এমএলএসের ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুমে লিগের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় (MVP) হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি। এছাড়া সম্প্রতি ক্যারিয়ারের ৪০৫তম অ্যাসিস্ট করার মাধ্যমে কিংবদন্তি পেলের রেকর্ডও ভেঙে দিয়েছেন এই আর্জেন্টাইন জাদুকর।
উল্লেখ্য, ১৯৯৫ থেকে ২০০০ সাল পর্যন্ত নিওয়েলস ওল্ড বয়েজের বয়সভিত্তিক দলেই ফুটবলের হাতেখড়ি হয়েছিল মেসির। সেখান থেকেই ১৩ বছর বয়সে তিনি পাড়ি জমান বার্সেলোনার বিখ্যাত একাডেমি লা মাসিয়ায়। ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে ১০টি লা লিগা ও ৪টি চ্যাম্পিয়নস লিগ জেতার পাশাপাশি জাতীয় দলের হয়ে ২০২২ কাতার বিশ্বকাপে শিরোপা জয় করে ক্যারিয়ারের পূর্ণতা পেয়েছেন মেসি। এখন দেখার বিষয়, ২০২৭ সালে শৈশবের সেই প্রিয় মাঠে ফিরে তিনি তার ক্যারিয়ারের শেষ অধ্যায়টি রাঙাতে পারেন কি না।

