সাড়ে ৬ কোটি রুপিতে মুস্তাফিজকে দলে নিলো লাহোর
ছবিঃ সংগৃহীত

আইপিএলের তিক্ততা ভুলে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বড় মঞ্চে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। আসন্ন আসরের জন্য তাকে সরাসরি চুক্তিতে (ডিরেক্ট সাইনিং) দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স।


মুস্তাফিজকে বরণ করে নিতে লাহোর কালান্দার্স তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, "আমাদের বাংলাদেশি ভাই মুস্তাফিজুর রহমান, যিনি ২০১৬ এবং ২০১৮ সালে আমাদের হয়ে খেলেছিলেন, তিনি এখন সরাসরি চুক্তিতে আমাদের সাথে। অবশেষে পরিবারের মাঝে আবারও ফিরে এসেছেন।"


৩০ বছর বয়সি এই পেসারকে সরাসরি চুক্তিতে দলে নিতে লাহোর কালান্দার্স বিনিয়োগ করেছে পাকিস্তানি ৬ কোটি ৪৪ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৮১ লাখ টাকার বেশি।


আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজের। তবে বিসিসিআইয়ের নির্দেশে তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়। এরপর নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে বিসিবি ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই ঘটনার পর বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় সম্পর্কে এখনো অবধি উত্তেজনা বিরাজ করছে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডও বিসিবির এই সিদ্ধান্তে একাত্মতা প্রকাশ করেছে এবং বিশ্বকাপের হাই-ভোল্টেজ ম্যাচে ভারতকে বয়কট করার কথা জানিয়েছে।


২০১৮ সালে লাহোরের জার্সিতে ৫ ম্যাচে ৬.৪৩ ইকোনমি রেটে ৪ উইকেট নিয়েছিলেন ফিজ। তার সাম্প্রতিক ফর্ম এবং পরিসংখ্যান বিবেচনা করে নিলামের আগেই তাকে নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। পিএসএলের অফিসিয়াল পেজ তাকে স্বাগত জানিয়ে লিখেছে, "মুস্তাফিজুর রহমান, পিএসএলের নতুন যুগে স্বাগত।"