বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, 'অপপ্রচার আর মিথ্যাচার দিয়ে জাতীয়তাবাদী শক্তির ভিত্তি নাড়ানো সম্ভব নয়।' বৃহস্পতিবার রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে জাসাস আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গভীর ষড়যন্ত্র চলছে উল্লেখ করে রিজভী বলেন, 'বর্তমানে প্রযুক্তির মাধ্যমে ‘প্রোপাগান্ডা বট’ তৈরি করে সুপরিকল্পিতভাবে কুৎসা রটানো হচ্ছে। এই প্রযুক্তির অপব্যবহার করে মানুষের চরিত্রহনন এবং মিথ্যাচার করা হচ্ছে। যারা গণতন্ত্রের জন্য আপসহীন লড়াই করেছে, তাদের বিরুদ্ধেই এই নীল নকশা সাজানো হচ্ছে।'
এসময় অপপ্রচারের জবাব দিতে শিল্পী ও সাহিত্যিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'আমাদের কবি, সাহিত্যিক, শিল্পী এবং সুরকারদের শক্তিশালী লেখনী ও সুর দিয়ে এই অপপ্রচারের কষাঘাতকে পরাজিত করতে হবে।'
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, 'জাসাসকে গতানুগতিক রাজনীতির বাইরে গিয়ে ভিন্নতর ও সৃজনশীল ধারার রাজনীতি করতে হবে। আওয়ামী লীগের বোরকা বা আবরণের নিচে যারা লুকিয়ে ছিল না, বরং রাজপথে সত্য বলেছে, তাদের সম্মান রক্ষা করতে হবে।'
জাসাস সভাপতি চিত্রনায়ক হেলাল খান-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন-এর সঞ্চালনায় এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির সহ-প্রচার সম্পাদক আসাদুজ্জামান শাহিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

