এপস্টেইনের সঙ্গে কাটানো প্রতিটি মিনিটের জন্য অনুতপ্ত বিল গেটস, চাইলেন ক্ষমা
ছবিঃ সংগৃহীত

যৌন অপরাধে অভিযুক্ত জেফরি এপস্টেইনের সঙ্গে কাটানো সময়ের জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা চেয়েছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এপস্টেইন-সংক্রান্ত কয়েক লাখ নথি প্রকাশ করলে বিষয়টি নতুন করে আলোচনায় আসে।


প্রকাশিত নথির মধ্যে থাকা একটি ড্রাফট ইমেইলে এপস্টেইন দাবি করেছিলেন, বিল গেটস এক রুশ নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন এবং অসুস্থ হয়ে পড়লে তাকে ওষুধ দেওয়া হয়েছিল। তবে ওই ইমেইলটি কখনো পাঠানো হয়নি বলে জানা গেছে।


অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ৯ নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বিল গেটস এসব দাবি অস্বীকার করে বলেন, “আমি তার সঙ্গে কাটানো প্রতিটি মিনিটের জন্য দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। ইমেইলটি মিথ্যা এবং কখনো পাঠানো হয়নি। এ বিষয়ে তার কী উদ্দেশ্য ছিল, আমি জানি না।”


গেটস জানান, ২০১১ সালে এপস্টেইনের সঙ্গে তার প্রথম যোগাযোগ হয় এবং পরবর্তী তিন বছরে কয়েকবার ডিনারে অংশ নেন। তবে তিনি কখনো এপস্টেইনের ক্যারিবিয়ান দ্বীপে যাননি এবং কোনো নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগও অস্বীকার করেন।


বিল গেটসের এক মুখপাত্রও বলেছেন, এসব অভিযোগ সম্পর্কে গেটস অবগত নন এবং ড্রাফট ইমেইলের তথ্য সঠিক নয়।