যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মাটির নিচে নির্মিত নিজেদের নতুন আরেকটি মিসাইল ঘাঁটির তথ্য প্রকাশ করেছে ইরান। গতকাল বুধবার দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এ ঘাঁটির বিষয়টি আনুষ্ঠানিকভাবে সামনে আনে।
ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহমান মৌসাভি এবং আইআরজিসির এরোস্পেস বিভাগের প্রধান সায়েদ মাজেদ মৌসাভি ঘাঁটিটি পরিদর্শন করেন। এ সময় তাদের সামনে ঘাঁটির বিভিন্ন সক্ষমতা তুলে ধরা হয়। পাশাপাশি অন্যান্য কমান্ডারদেরও মিসাইল সক্ষমতা ও প্রস্তুতি সম্পর্কে অবহিত করা হয়।
পরিদর্শন শেষে আব্দুল রহমান মৌসাভি বলেন, শত্রু মোকাবেলায় যে কোনো পরিস্থিতির জন্য ইরান প্রস্তুত। তিনি জানান, গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর ইরান তাদের রণকৌশলে পরিবর্তন এনেছে। দেশটি এখন প্রতিরক্ষামূলক অবস্থান থেকে আক্রমণাত্মক কৌশলে ঝুঁকেছে।
তিনি বলেন, নতুন কৌশলের ভিত্তিতে দ্রুত সময়ে বৃহৎ পরিসরে অভিযান পরিচালনার সক্ষমতা বাড়ানো হয়েছে। একইসঙ্গে অসম যুদ্ধ (অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার) এবং প্রতিপক্ষের সামরিক কৌশল মোকাবিলায় বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।
এদিকে সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ইরানের আশপাশে যুদ্ধজাহাজসহ সামরিক উপস্থিতি বাড়িয়েছে। যদিও দুই দেশ আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে, তবুও আশঙ্কা করা হচ্ছে, আলোচনায় সমাধান না এলে সামরিক সংঘাতের ঝুঁকি বাড়তে পারে।
এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে তা আঞ্চলিক যুদ্ধের দিকে গড়াতে পারে।

