রাজাপুরে মাদক অভিযানে আওয়ামী লীগনেত্রীর ছেলে সহ আটক ২
বিপ্লবী বার্তা
ঝালকাঠির রাজাপুর উপজেলায়  পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজা নিয়ে  দুজনকে আটক করেছে রাজাপুর থানা পুলিশ। এ সময় তাদের সাথে থাকা মাদক বিক্রিতে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে।


আটককৃতরা হলেন রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজুর ছেলে, উপজেলা ছাত্রলীগের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক মো. জায়েদ জোহা খান (১৮) এবং কেওতা এলাকার মো. কবির মোল্লার ছেলে মো. ইমন হাসান (২০)।এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সমির গাজী (৫৫)নামে আরেক মাদক কারবারি পালিয়ে যায়।


সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাঘরী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা ক্রয়-বিক্রয় করার সময় তাদের আটক করা হয়। 

পুলিশ জানায়, আটক জায়েদ জোহা খান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। রাতে পুলিশের টহল টিম অভিযান চালিয়ে জায়েদ জোহা খান ও ইমন হাসানকে আটক করে পুলিশ।  এ সময় জায়েদ জোহা খানের কাছ থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য ১ হাজার ৮০০ টাকা। এছাড়া মাদক বিক্রির জন্য রাখা ৮৯০ টাকা ও একটি টেকনো ক্যামন মোবাইল ফোন জব্দ করা হয়। অপরদিকে ইমন হাসানের কাছ থেকে ২ গ্রাম গাঁজা, যার আনুমানিক মূল্য ৫০০ টাকা, এবং একটি রিয়েলমি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, পলাতক সমির গাজির সহায়তায় তারা বিভিন্ন এলাকা থেকে ইয়াবা পাইকারি মূল্যে সংগ্রহ করে রাজাপুরের বিভিন্ন স্থানে খুচরা বিক্রি করতেন।


স্থানীয়রা জানায়, ‘আওয়ামী লীগ শাসনামলে মায়ের ক্ষমতার দাপট দেখিয়ে তখন থেকেই মাদকের কারবার করে আসছিল জায়েদ জোহা খান। মা আফরোজা আক্তার লাইজু প্রভাবশালী নেত্রী হওয়ায় পুলিশ কখনও জোহাকে আটক করার চেষ্টা করেনি। এমনকি ঐ সময় জোহার উপজেলা সদরের বিভিন্ন খোলা স্থানে মাদকের আসর বসাতেন। সেই মাদক সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলেও মায়ের প্রভাবে প্রশাসনসহ কেউ কিছুই বলার সাহস করত না।


বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় রাজাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক দুইজনকে ঝালকাঠি আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।