বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, 'শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়।' তিনি বলেন, “আমরা এই দেশ ও দেশের নাগরিকদের ভালোবাসি। যদি কেউ জুলুমের শিকার হয়, তাহলে আমরা প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলবো।”
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামী ঢাকা-১৫ সংসদীয় আসনের উদ্যোগে এতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, সরকারি ও বিরোধীদল একসঙ্গে কাজ করে যেন মানুষের অধিকার নিশ্চিত করতে পারে সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, 'এতিমদের মধ্য থেকে “মনিমুক্তা” বের করে এনে তাদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা রাখতে পারে। যে কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হন, আমরা আশা করবো সরকার সেই কাজটাই করবে।'
এছাড়া সম্প্রতি ‘এখন টিভি’র চার সাংবাদিকের চাকরি হারানোর বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এটি সাংবাদিকতার স্বাধীনতার ওপর নির্লজ্জ আঘাত।' সরকারের কাছে সাংবাদিকদের পুনর্বহালের দাবি জানিয়ে তিনি বলেন, 'অন্যথায় এটি একনায়কতন্ত্রের দিকে যাওয়ার ইঙ্গিত হিসেবে বিবেচিত হবে।'
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন। সঞ্চালনা করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক।
সভাপতির বক্তব্যে সেলিম উদ্দিন বলেন, 'বাংলাদেশের মানুষ ইসলামপ্রিয় ও কোরআনপ্রিয়; তারা কোরআনের চেতনায় বিশ্বাস করে।'
এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর উত্তরের প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার, থানা আমির ও সেক্রেটারিসহ স্থানীয় নেতৃবৃন্দ।

