গাজীপুরে এক নারী হত্যার ঘটনায় ছাত্রদলের সংশ্লিষ্টতার অভিযোগ এবং দেশজুড়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন নিপীড়নমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্রশিবির।
রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে ইসলামী ছাত্রশিবির ফরিদপুর শহর শাখার উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
সমাবেশে ফরিদপুর শহর ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক হাসিবুল হাসানের সভাপতিত্বে সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় বক্তব্য দেন আকমল হোসেন, ইঞ্জিনিয়ার মাসুদুর রহমানসহ আরও কয়েকজন নেতা। বক্তারা গাজীপুরে সংঘটিত নারী হত্যাকাণ্ডের ঘটনায় গভীর ক্ষোভ ও তীব্র নিন্দা প্রকাশ করেন এবং দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
উপস্থিত বক্তারা বলেন, নারী নির্যাতন ও সহিংসতা কোনো সভ্য সমাজেই গ্রহণযোগ্য নয়। নারী নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক ও সাংগঠনিকভাবে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। তারা অভিযোগ করেন, সারাদেশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে নিপীড়নমূলক কর্মকাণ্ডে জড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে।
শহর ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক হাসিবুল হাসান তার বক্তব্যে বলেন, তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে এসে নানা প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি—এই আই হ্যাভ এ প্ল্যান-এর মধ্যেই অন্তর্ভুক্ত রয়েছে তার ছাত্রদল কর্তৃক সংঘটিত ধর্ষণ, নেতাকর্মীদের মাধ্যমে চাঁদাবাজি, দুর্নীতি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড।
এছাড়া, আগামী ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সাধারণ জনগণকে লাল কার্ড দেখানোর আহ্বান জানান।
সমাবেশে বক্তারা আরও বলেন, সাম্প্রতিক ছাত্র আন্দোলনের পর জনগণ একটি নতুন, ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ বাংলাদেশের প্রত্যাশা করেছিল; কিন্তু বাস্তবে সেই প্রত্যাশার প্রতিফলন দেখা যাচ্ছে না। তারা ছাত্রদলের কিছু কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, কেউ যেন অতীতের ফ্যাসিবাদী আচরণের পুনরাবৃত্তি না করে। অন্যথায় জনগণই এর উপযুক্ত জবাব দেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
আসন্ন ১২ তারিখের নির্বাচনের প্রসঙ্গ টেনে নেতৃবৃন্দ বলেন, এই নির্বাচনের মাধ্যমেই জনগণ তাদের প্রকৃত মতামত প্রকাশ করবে। ভোটের মাধ্যমে অন্যায়, নিপীড়ন ও সহিংসতার রাজনীতির বিরুদ্ধে জনগণ রায় দেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সমাবেশে ফরিদপুর শহর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক ছাত্রশিবিরের নেতাকর্মী অংশগ্রহণ করেন। কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিল চলাকালে নারী নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

