খুলনার খালিশপুরে আয়োজিত বিশাল জনসভায় জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা ধর্মের কথা বলে রাজনীতি করে, তাদের কাছে নারী সমাজ বা দেশের মানুষ কখনোই নিরাপদ নয়। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর প্রভাতী স্কুল ময়দানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, "তারা বলে ইসলাম কায়েম করবে, অথচ আমাদের নবী (সা.)-এর স্ত্রী বিবি খাদিজা (রা.) নিজেও একজন ব্যবসায়ী ও কর্মজীবী নারী ছিলেন। এই দলটির পূর্বসূরীরা ১৯৭১ সালেও আমাদের মা-বোনদের অসম্মানিত করেছিল। এদের ইতিহাস কলঙ্কিত।"
তিনি আরও বলেন, "এরা এখন ইসলামের দোহাই দিলেও এদের কাছে দেশের নারী সমাজ কখনোই নিরাপদ হতে পারে না। এরা সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে।"
নির্বাচনকে সামনে রেখে দেশবিরোধী ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, "নির্বাচন বানচাল করতে একটি মহল উঠেপড়ে লেগেছে। আমাদের প্রতিটি নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে, যাতে জনগণের ভোটের অধিকার কেউ কেড়ে নিতে না পারে। দীর্ঘ বছর পর আপনাদের জবাব দেওয়ার সময় এসেছে।"
খুলনাবাসীর প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, "আগামী ১২ তারিখ ব্যালটের মাধ্যমে আপনারা আপনাদের অধিকার ফিরে পাবেন ইনশাআল্লাহ। মাফিয়া গোষ্ঠী ও ষড়যন্ত্রকারীদের রুখে দিতে ভোটের দিন সবাইকে কেন্দ্রে উপস্থিত হয়ে রায় দিতে হবে।"
তিনি প্রতিশ্রুতি দেন যে, বিএনপি ক্ষমতায় এলে খুলনার ধ্বংস হয়ে যাওয়া রুগ্ন শিল্পকারখানাগুলো আবারও বিকশিত করা হবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

