পবিত্র রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ
ছবিঃ সংগৃহীত

শুরু হয়েছে পবিত্র রমজান মাস শুরুর ক্ষণগণনা। তবে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, আগামী ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) আরব বা ইসলামি বিশ্বের কোথাও রমজানের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ফলে অধিকাংশ দেশে ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে রোজা শুরু হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।


আবুধাবিভিত্তিক ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের (আইএসি) পরিচালক প্রকৌশলী মুহাম্মদ শওকত ওদেহ জানিয়েছেন, ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সূর্যাস্তের সময় চাঁদ দিগন্তের এত নিচে থাকবে যে, খালি চোখ তো বটেই, উচ্চক্ষমতার টেলিস্কোপ দিয়েও তা দেখা সম্ভব হবে না। রিয়াদ ও আবুধাবিতে চাঁদ সূর্যাস্তের আগেই বা সূর্যাস্তের কয়েক সেকেন্ডের মধ্যে অস্ত যাবে। ওই দিন বিকেলে একটি বলয়াকার সূর্যগ্রহণ হবে, যার ফলে পরবর্তী কয়েক ঘণ্টা চাঁদ অর্ধচন্দ্র হিসেবে দেখা যাওয়ার বৈজ্ঞানিক কোনো সুযোগ নেই।


ভুল তথ্যের বিষয়ে সতর্কতা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টার সতর্ক করে দিয়েছে যে, ১৭ ফেব্রুয়ারি যেহেতু আকাশে চাঁদ দৃশ্যমান থাকবে না, তাই ওই দিন কেউ চাঁদ দেখার দাবি করলে তা ‘ভুল’ বলে গণ্য হবে। অনেক ইসলামি আইনবিদও মনে করেন, যেসব অঞ্চলে চাঁদ সূর্যের আগে অস্ত যায়, সেখানে ওই দিন চাঁদ খোঁজার কোনো প্রয়োজন নেই।


বাংলাদেশ, পাকিস্তান, ইরান ও মরক্কোর মতো দেশগুলোতে ১৮ ফেব্রুয়ারি (বুধবার) শাবান মাসের ২৯তম দিন পালিত হবে। যদি ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় এই দেশগুলোতে চাঁদ দেখা যায়, তবে ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে রমজান শুরু হবে। ১৮ ফেব্রুয়ারি (শুক্রবার) চাঁদ দেখা না গেলে শাবান মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং ২০ ফেব্রুয়ারি (রবিবার থেকে রোজা শুরু হবে।


সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ অধিকাংশ আরব দেশে ১৮ ফেব্রুয়ারি শাবান মাসের ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেক্ষেত্রে এসব দেশে ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) পবিত্র রমজান মাসের প্রথম দিন হতে পারে।