চিত্রনাট্যকার নিয়ে ভুল স্বীকৃতি, জাতীয় পুরস্কার প্রত্যাখ্যান নির্মাতার
ছবিঃ সংগৃহীত

২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের তালিকা সম্প্রতি প্রকাশ করেছে সরকার। এতে ‘রক্তজবা’ সিনেমার জন্য ‘শ্রেষ্ঠ চিত্রনাট্যকার’ হিসেবে পরিচালক নিয়ামুল মুক্তার নাম ঘোষণা করা হয়। তবে রাষ্ট্রীয় এই সর্বোচ্চ সম্মাননায় আনন্দিত হওয়ার বদলে উল্টো বিব্রত বোধ করছেন এই নির্মাতা। অন্যের কাজের স্বীকৃতি নিজের নামে আসায় পুরস্কারটি প্রত্যাখ্যান করার ঘোষণা দিয়েছেন তিনি।


এ প্রসঙ্গে নিয়ামুল মুক্তা জানান, ‘রক্তজবা’ সিনেমাটি তিনি পরিচালনা করলেও এর চিত্রনাট্য তার লেখা নয়। সিনেমাটির প্রকৃত চিত্রনাট্যকার হলেন তাসনীমুল হাসান। অথচ ভুলবশত পুরস্কারের তালিকায় তার নাম যুক্ত হওয়ায় তিনি নৈতিক সংকটে পড়েছেন।


নিয়ামুল মুক্তা বলেন, “পুরস্কারের তালিকায় নিজের নাম দেখে আমি বিব্রত। চিত্রনাট্য লিখেছেন তাসনীমুল হাসান, অথচ নাম এসেছে আমার। যে অর্জন আমার নয়, সেটি আমি কীভাবে গ্রহণ করব? তাই আমি এই পুরস্কারটি প্রত্যাখ্যান করছি এবং চাইছি, যার প্রকৃত অবদান—তাকেই যেন যথাযথ স্বীকৃতি দেওয়া হয়।”


এদিকে চলতি বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননাসহ (মরণোত্তর) মোট ২৮টি বিভাগে ৩০টি পুরস্কার ঘোষণা করা হয়েছে। পুরস্কারের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘সুড়ঙ্গ’। ছবিটি একাই ৮টি বিভাগে ৯টি পুরস্কার অর্জন করেছে।

এরপর ৫টি বিভাগে পুরস্কার পেয়েছে হিমেল আশরাফ পরিচালিত আলোচিত সিনেমা ‘প্রিয়তমা’।