ইরানে সরকার পরিবর্তনের ইঙ্গিত ট্রাম্পের, এবার লক্ষ্য শীর্ষ নেতৃত্ব ও স্থাপনা
ছবিঃ সংগৃহীত

একদিকে অভ্যন্তরীণ বিক্ষোভে উত্তাল ইরান, অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক কঠোর হুঁশিয়ারি। সব মিলিয়ে ইতিহাসের কঠিনতম সময় পার করছে তেহরান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) কান নিউজ ও সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার সরাসরি ইরানে সরকার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন।


সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প প্রশাসন ইরানের শাসনব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করছে। সম্ভাব্য হামলার তালিকায় রয়েছে, ইরানের শীর্ষ রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্ব, গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা, নিরাপত্তা কর্মকর্তাদের দপ্তর ও সরকারি ভবন।


ইসরায়েলি সূত্রের বরাতে জানানো হয়েছে, তেল আবিব বিশ্বাস করে ট্রাম্প এবার চূড়ান্তভাবে ইরানের সরকার পতনের লক্ষ্যেই কাজ করবেন।


গত মঙ্গলবার এক ভাষণে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, "আরও একটি সুসজ্জিত নৌবহর ইরানের পথে রয়েছে। আমি আশা করি, তারা (ইরান) সময় থাকতে সমঝোতা করতে রাজি হবে।" মূলত চুক্তিতে বাধ্য করতেই ট্রাম্প এই ‘ম্যাক্সিমাম প্রেশার’ বা সর্বোচ্চ চাপের কৌশল নিচ্ছেন বলে মনে করা হচ্ছে।


এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি চলমান অস্থিরতার জন্য সরাসরি যুক্তরাষ্ট্র ও ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন। তার মতে, ইরানের সাম্প্রতিক বিক্ষোভ, প্রাণহানি এবং অপপ্রচারের নেপথ্যে ওয়াশিংটনের হাত রয়েছে।