বলিউড অভিনেতা রণবীর সিং এবার বড়সড় আইনি ঝামেলার মুখে পড়েছেন। ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে তার বিরুদ্ধে বেঙ্গালুরুর হাই গ্রাউন্ড থানায় এফআইআর দায়ের করা হয়েছে।
পুলিশ ও সূত্র জানায়, অভিযোগের কেন্দ্রবিন্দু হলো কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চলের পবিত্র ‘চৌভুন্ডি দৈব্য’ সংস্কৃতি ও হিন্দু ধর্মকে অবমাননা। মাস কয়েক আগে ভারতের গোয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে রণবীর মঞ্চে উঠে ঋষভ শেট্টির ‘কান্তারা’ সিনেমার প্রশংসা করতে গিয়ে চামুণ্ডাদেবীর অনুকরণে অভিনয় করেন। এমনকি তিনি দেবীকে ‘মহিলা ভূত’ বলে সম্বোধন করেন। এই মন্তব্য ও ভঙ্গি নিয়ে বিতর্কের ঝড় ওঠে।
পুলিশ জানিয়েছে, বেঙ্গালুরুর আইনজীবী প্রশান্ত মেঠাল অভিযোগ দায়ের করেছেন। ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬, ২৯৯ ও ৩০২ ধারায় মামলা করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, রণবীর হিন্দু দেব-দেবীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন এবং অভিনয়ের নামে চামুণ্ডাদেবীকে উপহাস করে কর্ণাটকের সংস্কৃতিকে অপমান করেছেন।
ঘটনার সময় উপস্থিত ছিলেন ‘কান্তারা’ খ্যাত পরিচালক ও অভিনেতা ঋষভ শেট্টি। এক সাক্ষাৎকারে তিনি জানান, রণবীর মঞ্চে এমন আচরণ করলে বারবার তাকে থামতে বলেছিলেন। ঋষভ বলেন,
“সিনেমা বা অভিনয় হতেই পারে, কিন্তু যে দৈব্যের রূপ ওখানে দেখানো হয়েছে, তা অত্যন্ত পবিত্র ও সংবেদনশীল বিষয়। আমাদের কাছে এই দেবী গভীর আবেগের জায়গা, তাই নকল করা এড়িয়ে চলা উচিত।”

