আঞ্চলিক নিরাপত্তা ও নৌ-প্রতিরক্ষায় শক্তি প্রদর্শনের লক্ষ্যে বঙ্গোপসাগরে যৌথ সামরিক মহড়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত ও রাশিয়া। আগামী ফেব্রুয়ারি মাসে ‘মিলান ২০২৬ নাভাল এক্সারসাইজ’ নামে এই বিশাল মহড়া অনুষ্ঠিত হবে।
রুশ বার্তাসংস্থা তাসের প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার প্যাসিফিক ফ্লিটের অন্যতম শক্তিশালী ফ্রিগেট ‘মার্শাল শাপোশনিকভ’ এই মহড়ায় অংশ নিতে বঙ্গোপসাগরের উদ্দেশে রওনা হয়েছে। বিশাল আকৃতির এই রণতরীটি অত্যাধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ। এটি সমুদ্র থেকে একই সঙ্গে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং সাবমেরিন বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম।
গত বুধবার ওমানের মাস্কাট বন্দর অতিক্রম করেছে শাপোশনিকভ। বঙ্গোপসাগরের মহড়া শেষে ১৮ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিশাখাপত্তনম বন্দরে ভিড়বে জাহাজটি। ২০২৫ সালের অক্টোবরে ভারতীয় নৌবাহিনীর ভাইস চিফ অ্যাডমিরাল সঞ্জয় বাৎসায়ন এই মহড়ার কথা প্রথম ঘোষণা করেছিলেন।
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টহল দেওয়া রুশ রণতরীর বঙ্গোপসাগরে আগমনকে দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মূলত কয়েক ডজন দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া ‘মিলান’ মহড়াটি ভারত মহাসাগরীয় অঞ্চলে সামরিক সক্ষমতা বৃদ্ধির একটি বড় মাধ্যম।

