ফের ট্রোলিংয়ের শিকার দিলজিৎ দোসাঞ্জ
ছবিঃ সংগৃহীত

বলিউড হোক বা টলিউড, তারকাদের নিয়ে সোশ্যাল মিডিয়ার ট্রোলিং এখন সাধারণ ঘটনা। এবার সেই ট্রলের শিকার হয়েছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। দেশপ্রেম নিয়ে নেটিজেনদের একাংশের সমালোচনার মুখে পড়লে তার পাশে দাঁড়ালেন নামী প্রযোজক ভূষণ কুমার।


ঘটনার সূত্রপাত হলো দিলজিতের একটি পাঞ্জাবি ছবির কাস্টিং নিয়ে। ছবিতে উপস্থিত ছিলেন একজন পাকিস্তানি অভিনেত্রী, যা নিয়ে অনেকে আপত্তি জানিয়েছেন। বিশেষ করে ভারতের বিভিন্ন জায়গায় পাকিস্তান বয়কটের ডাক ওঠার সময় ছবিতে এই কাস্টিং কিছু নেটিজেনের কাছে গ্রহণযোগ্য হয়নি। এর ফলে তাকে ‘দেশবিরোধী’ তকমা দিয়ে আক্রমণ করা হয়েছে।


এছাড়া, আসন্ন বড় বাজেটের ছবি ‘বর্ডার ২’-তে দিলজিতের কাস্টিং নিয়েও শুরু হয়েছে তীব্র বিতর্ক।


ভূষণ কুমার একটি সাক্ষাৎকারে বলেন,


“সোশ্যাল মিডিয়ায় কে কী বলল, তার ওপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। একজন অভিনেতার মূল্যায়ন হওয়া উচিত তার প্রতিভা ও পেশাদারিত্বের ভিত্তিতে। অতীতে কী করেছেন বা কোন ভাষায় কাজ করেছেন, সেটা বড় বিষয় নয়।”


তিনি আরও বলেন, সিনেমা একটি সৃজনশীল মাধ্যম, যেখানে মূল বিচার হওয়া উচিত গল্প ও অভিনয়ের মাধ্যমে। দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে কেবল গল্পের আকর্ষণে সিনেমা দেখেন; সোশ্যাল মিডিয়ার ট্রলিং তা প্রভাবিত করতে পারে না।


শুধু ভূষণ কুমারই নন, ইন্ডাস্ট্রির একঝাঁক পরিচালক ও শিল্পীও দিলজিতের পাশে দাঁড়িয়েছেন। তাদের মতে, সোশ্যাল মিডিয়ার চাপের কারণে কাজের স্বাধীনতা ক্ষুণ্ণ করা ঠিক নয়। অভিনেতাদের ব্যক্তিগত বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিতর্ক তুলে তাঁদের ক্যারিয়ারকে হুমকির মুখে ফেলা নিন্দনীয়।