বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবি নাকচ করে দেওয়া এবং বর্তমান বিশ্ব ক্রিকেটে ভারতের একক আধিপত্য নিয়ে এবার মুখ খুলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি। আইসিসির সাম্প্রতিক কার্যক্রমের সমালোচনা করে তিনি জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এখন কার্যত ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল’ এ পরিণত হয়েছে।
সম্প্রতি টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের আবেদন আইসিসি সরাসরি প্রত্যাখ্যান করার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এই প্রেক্ষাপটে এক প্রতিক্রিয়ায় আফ্রিদি বলেন, 'আইসিসি এখন আর নিরপেক্ষ সংস্থা হিসেবে কাজ করতে পারছে না। সংস্থাটি পুরোপুরি ভারতের প্রভাবাধীন এবং ভারত যা চায়, আইসিসি সেই সিদ্ধান্তই বাস্তবায়ন করে।'
আফ্রিদি বিশেষভাবে উল্লেখ করেন যে, আইসিসির বর্তমান চেয়ারম্যান জয় শাহ একজন ভারতীয় এবং তিনি আগে বিসিসিআই-এর প্রভাবশালী কর্মকর্তা ছিলেন। এই পদে আসীন হয়ে তিনি ভারতের স্বার্থকেই প্রাধান্য দিচ্ছেন বলে মনে করেন এই পাক তারকা। এছাড়া ভারতের বিশাল অর্থনৈতিক বাজার এবং বিসিসিআই-এর বিপুল অর্থবিত্ত আইসিসিকে চাপের মুখে রাখে বলেও মন্তব্য করেন তিনি।
আফ্রিদি মনে করেন, বাংলাদেশ ইস্যুতে বিসিসিআই নিজেও বর্তমানে অস্বস্তিতে রয়েছে। পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক ও ক্রিকেটীয় বৈরিতার পাশাপাশি বাংলাদেশের এই অবস্থান ভারতকে আন্তর্জাতিক পরিমণ্ডলে চাপে ফেলেছে।
তিনি বলেন, "মোদি সরকারের কট্টর রাজনৈতিক অবস্থানের কারণে ভারতের ক্রিকেট আজ আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে তারা নিজেদের খেলোয়াড়দের মাঠে নামাতে চাইলেও অনেক ক্ষেত্রে সীমাবদ্ধ হয়ে পড়ছে, যা ক্রিকেটের জন্য বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে।"
আফ্রিদির এই মন্তব্যের প্রতিধ্বনি শোনা যাচ্ছে অনেক আন্তর্জাতিক ক্রিকেট বিশেষজ্ঞের কণ্ঠেও। তাদের মতে, বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগকে গুরুত্ব না দিয়ে আইসিসি যে অনড় অবস্থান দেখিয়েছে, তা মূলত বিসিসিআই-এর বাণিজ্যিক স্বার্থ রক্ষারই নামান্তর।
বাংলাদেশের অনুপস্থিতিতে স্কটল্যান্ডকে বিশ্বকাপে যুক্ত করা এবং ভেন্যু পরিবর্তনে অনীহা দেখানোর ফলে এই বিশ্ব আসরের জৌলুস ও নিরপেক্ষতা নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে।

