‘না' ভোট দিবেন, 'হ্যাঁ' ভোট দিলে মুন্সিরা জয়যুক্ত হবে
ভোটার‌দের 'না' ভোট দিতে উৎসাহিত করছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক মুকুল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় গণভোটে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালাতে গিয়ে বিতর্কে জড়িয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক মুকুল। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, ‘না ভোট দিবেন। হ্যাঁ ভোট দিলে মুন্সিরা (মৌলভীরা) জয়যুক্ত হবে।’ এ সংক্রান্ত একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।


ভিডিওতে দেখা যায়, দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এমদাদুল হক মুকুল নিজ দলের প্রতীক ‘ধানের শীষ’-এর পাশাপাশি গণভোটে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। তিনি রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের বাসিন্দা। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা নিশ্চিত করে তিনি দাবি করেন, এটি তার ‘স্লিপ অব টাং’ বা মুখ ফসকে বলা কথা।


জানা যায়, শুক্রবার (২৩শে জানুয়ারি) ছিনাই ইউনিয়নের হিন্দু ধর্মাবলম্বী ভোটারদের মধ্যে প্রচারণার সময় বিএনপি নেতা মুকুল ও তার সঙ্গে থাকা নেতাকর্মীরা গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের ফলাফল নিয়ে ভোটারদের বোঝানোর চেষ্টা করা হয়।


ছড়িয়ে পড়া ভিডিওতে এমদাদুল হক মুকুলকে উপস্থিত নারী ভোটারদের উদ্দেশ্যে বলতে শোনা যায়, ‘আরেকটা ব্যালট দিবে-হ্যাঁ আর না মার্কা। না ভোট দিবেন। হ্যাঁ দিলে মুন্সিরা জয়যুক্ত হইবে। হ্যাঁ দেওয়া যাবে না। আমরা না ভোট দিবো।’


ভিডিওতে তার পাশে থাকা যুবদল নেতা রোকন বলেন, ‘ওইটা (গণভোট) হইবে না আর ধানের শীষ।’ এ সময় ভিডিও ধারণকারী অজ্ঞাত এক বিএনপি কর্মী বলেন, ‘না ভোট হইলো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি।’


এরপর এমদাদুল হক মুকুল আরও বলেন, ‘হ্যাঁ ভোট দিলে মুন্সিরা একাত্তর শেষ করে দিবে। মানে একাত্তর বাদ দিতে চায় ওরা।’ তার বক্তব্যের ধারাবাহিকতায় যুবদল নেতা রোকন উপস্থিত হিন্দু নারী ভোটারদের উদ্দেশ্যে বলেন, ‘না ভোট মজিবরের শক্তি। একাত্তরের মজিবরের কথা কন তোমরা।'


এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা এমদাদুল হক মুকুল বলেন, ‘ধানের শীষের প্রচারণা চালানোর সময় ভুলে 'না' ভোটের কথা বলে ফেলেছি। প্রান্তিক পর্যায়ে কথা বলতে গিয়ে মুখ ফসকে এটা বলা হয়েছে। এটা হাইলাইট করার মতো কিছু না। এজন্য আমি দুঃখিত।’


সংস্কার ও ‘হ্যাঁ’ ভোট প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ 'হ্যাঁ' ভোটের পক্ষে। আমরাও সংস্কার ও 'হ্যাঁ' ভোটের পক্ষেই আছি। ভিডিওতে যেটা এসেছে, সেটা আসলে ভুলবশত বলা। ভিডিওটি আমাদেরই একজন করেছে-ইচ্ছাকৃত হলে তো সে ভিডিও করত না।’


এ বিষয়ে রাজারহাট উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক মোহাম্মদ তোফায়েল আহমেদ বলেন, ''এমন দায়িত্বশীল রাজনৈতিক দলের নেতাদের মুখে এ ধরনের বক্তব্য সত্যিই দুঃখজনক। আপনি 'হ্যাঁ' বা 'না'- যার পক্ষেই থাকুন, সেটা জনগণকে পরিষ্কারভাবে বোঝাতে হবে। কিন্তু 'না' ভোট দিলে মুজিব ফিরে আসবে, আর 'হ্যাঁ' দিলে মুন্সিরা জয়ী হবে-এ ধরনের বক্তব্য রাজনৈতিক অপরিপক্বতার পরিচয়। এটি তাদের আদর্শিক অবস্থানের সঙ্গে যায় না।''