বিএনপি ক্ষমতায় গেলে নারীদের ফ্যামিলি ও কৃষকদের কৃষি কার্ড দেবে:  তারেক রহমান
ছবিঃ বিপ্লবী বার্তা
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে দরিদ্র মানুষের মাঝে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের সার, বীজ, কীটনাশকসহ কৃষি প্রণোদনার জন্য কৃষক কার্ড দেওয়া হবে, এই কার্ডের মাধ্যমে তারা কৃষি বিমা করতে পারবেন, কৃষি ঋণ তুলতে পারবেন। আপনাদের রায় ও সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করলে বেকারদের জন্য ব্যাপক কর্মসংস্থানের জন্য শুধু ব্রাহ্মণবাড়িয়াই নয়; সারাদেশে পর্যাপ্ত প্রশিক্ষণের মাধ্যমে বিপুলসংখ্যক তরুণকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করবে। প্রশিক্ষণ নিয়ে তারা বিদেশে গিয়ে ভালো বেতনের চাকরি পাবে। যারা সবসময়ই আমাদের সুখে দুঃখে আমাদের সঙ্গে থাকেন- মসজিদের ইমাম, খতিব, মোয়াজ্জিনদের জন্য ভাতার ব্যবস্থা করবো।


গতকাল বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় তিনি জেলার ৬টি আসনে বিএনপির চার প্রার্থীসহ বিএনপির মিত্র দলের দুই প্রার্থীকেও পরিচয় করিয়ে দেন। 


তারেক রহমান বলেন, আমাদের ১০টি কাজ করতে হবে, আর আপনাদের শুধু একটি কাজ করতে হবে। অর্থাৎ, ধানের শীষের প্রার্থীদের পাশাপাশি আমাদের সাথের ভাইদেরও বিজয়ী করতে হবে। কারণ, তারাও আমাদের সঙ্গে গণতন্ত্রের লড়াই সংগ্রামে দীর্ঘদিন রাজপথে ছিলেন।


তিনি আরও বলেন, সব ক্ষমতার মালিক দেশের জনগণ। তিনি বিএনপির নেতাকর্মীদের ১২ ফেব্রুয়ারি তাহাজ্জতের নামাজ পড়ে ভোটকেন্দ্রে গিয়ে ফজরের নামাজ আদায় করেন ভোটে লাইনে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, কোনো অপশক্তি যেন অতীতের মতো ভোটাধিকার হরণ করতে না পারে সেজন্য সতর্ক সজাগ থাকতে হবে ।


একটি বিশেষ রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বিএনপির চেয়ারম্যান বলেন, তারা মিথ্যা আশ্বাস দিয়ে  ভোটারদের বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। তারা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সরলমনা মা-বোনদের বলছেন, তাদের ভোট দিলে বেহেশতের টিকেট পাওয়া যাবে। বেহেশত ও দোজখের মালিক একমাত্র আল্লাহ। এ ধরনের কথা বলে তারা ভোটারদের বিভ্রান্ত করার পাশাপাশি শিরক করছেন।


ওমুক দলকে দেখেছেন, তমুক দলকে দেখার প্রসঙ্গে তারেক রহমান বলেন, দলটি একাত্তরে পাক হানাদার বাহিনীকে সহায়তার কারণে এ দেশের লাখ লাখ মানুষ শহীদ হয়েছেন এবং কয়েক লাখ মা বোন সম্ভ্রম হারিয়েছেন। ওই দলটিকে মানুষ একাত্তরেই দেখেছেন। তারা যে বিশ্বাসঘাতক মানুষ; একাত্তরেই জেনে গেছে। 


সমাবেশে তিনি বলেন, এ দেশের ২০ কোটি মানুষের অর্ধেকই নারী। তাদের বাদ দিয়ে উন্নতি সম্ভব নয়। তাই, বিএনপি জনগণের রায় নিয়ে সরকার গঠন করলে নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেবে। যার মাধ্যমে তারা সরকারের সহায়তায় পরিবারের সুন্দরভাবে চালাতে পারবেন।


তিনি সাবেক প্রধানমন্ত্রীর বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করে বলেন, তার সময়ে ৫ হাজার টাকা কৃষিঋণ মওকুফ করা হয়েছিল এবং ১০ হাজার টাকা কৃষিঋণের সুদ মওকুফ করা হয়েছিল। বিএনপি কৃষকবান্ধব রাজনৈতিক দল। বিএনপি সরকার গঠন করলে কৃষকদের কার্ড দেবে। যার মাধ্যমে কৃষি উপকরণ প্রণোদনার পাশাপাশি ওই কার্ডের মাধ্যমে শস্য বিমা করা, কৃষি ঋণের সুবিধা পাবেন কৃষকরা।


জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুবের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বিএনপির প্রার্থী মুশফিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আবদুল মান্নান, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের বিএনপির প্রার্থী মো. আবদুল হান্নান, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগর আংশিক) আসনে বিএনপির মিত্র দল জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মাওলানা জোনায়েদ আল হাবিব, ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপির মিত্র দল গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। তারেক রহমান রাত ১০টা ৫৫ মিনিটে বক্তব্য শেষ করে সড়ক পথে কিশোরগঞ্জের ভৈরবের উদ্দেশ্যে রওনা হন।