চট্টগ্রামের চন্দনাইশে জুলাই যোদ্ধা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম দক্ষিণ জেলা নির্বাহী সদস্য হাসনাত আবদুল্লাহ ও মঈন উদ্দীন মাহিনের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের বদুরপাড়া পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগঠক সাজ্জাদ হোসেন রাহাত জানান, ওই রাতে গেজেটধারী জুলাই যোদ্ধা এবং এনসিপি নেতারা পটিয়া থেকে চন্দনাইশের বাড়ি ফিরছিলেন সিএনজি টেক্সি যোগে। পথে বদুরপাড়া এলাকায় ১০-১২ জনের একদল দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। কথা কাটাকাটির একপর্যায়ে হামলাকারীরা তাদের মুখ চেপে ধরে ছুরি ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা হাসনাত ও মাহিনকে প্রথমে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের দুজনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
রাহাত জানান, গত ১০ জানুয়ারি তারা চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে স্বৈরাচারের দোসর জসিমের বিরুদ্ধে মানববন্ধন আয়োজন করেন। এরপর থেকে জসিমের অনুসারীরা বিভিন্ন হুমকি-ধমকি প্রদান করছিল। তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অন্যদিকে, বিএনপি মনোনীত প্রার্থী জসিম উদ্দীন আহমদ ফেসবুকে একটি ভিডিও বার্তায় অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “চন্দনাইশে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। হামলার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং সামাজিক মাধ্যমে আমাদের ইমেজ ক্ষুন্ন করার একটি চেষ্টা মাত্র। সাধারণ মানুষ এই ধরনের গুজবে কান দেবেন না।”
চন্দনাইশ থানার ওসি ইলিয়াছ খান বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত। এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশের নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

